টি-টোয়েন্টি ক্রিকেটে চার-ছয়ের লড়াইয়ে উন্মাদনায় মেতে ওঠেন ক্রীড়ামোদিরা। ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশ এখন নিয়মিত টি-টোয়েন্টি এই লিগে ঝুঁকে পড়ছে। আমাদের দেশেও টি-টোয়েন্টি লিগ ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল’ দিন দিন জনপ্রিয় হচ্ছে। এখন চলছে ষষ্ঠ আসর। সেই বিপিএল এবার নিষিদ্ধের দাবি তুলেছে ওলামা লীগের একটি অংশ। বিপিএল চলার মধ্যে ২০ ওভারের এ খেলা জুয়া খেলার প্রসার ঘটাচ্ছে বলে ওলামা লীগের নেতারা মনে করছেন।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি এ দাবি জানায়। মানববন্ধনে ওলামা লীগসহ সমমনা ১৩টি দল অংশ নেয়। ওলামা লীগের দাবি বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে— যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। জুয়াড়ি তৈরির কারখানা বিপিএল, আইপিএল খেলা বন্ধ করতে হবে। দেশে বাল্যবিবাহ নিরোধে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধের দাবিও জানিয়েছে তারা।
মানববন্ধন কর্মসূচিতে ওলামা লীগ একাংশের সভাপতি পীরজাদা মাওলানা আখতার হুসাইন বুখারী, সেক্রেটারি মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
ওলামা লীগ দলের সহযোগী সংগঠন
নয় :আওয়ামী লীগ
এদিকে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী ওলামা লীগ নামে এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন অথবা এই নামে কোনো পর্যায়ে কোনো ধরনের কমিটি নেই এবং বিপিএল নিষিদ্ধের দাবি সংক্রান্ত সংবাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা সংশ্লিষ্ট সকলকে এই ধরনের অনৈতিক ও বেআইনি কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আওয়ামী ওলামা লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের নীতিবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।
