শায়েস্তাগঞ্জে অপহূত ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:২৯

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা

শায়েস্তাগঞ্জে অপহরণ করার পর মুক্তিপণ দাবি করে না পেয়ে এক স্কুলছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টায় পুকুর থেকে অপহূত তানভীরের লাশ উদ্ধার করা হয়। জানা যায়, ২৪ জানুয়ারি রাত ৮টায় উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের ফারুখ মিয়ার ছেলে আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানভীর আহমেদকে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি তানভীরের বাবা ফারুখ মিয়া শায়েস্তাগঞ্জ থানাপুলিশকে জানান। পুলিশ অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রবিবার রাতেই জাহেদ ও শান্তকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী উজ্জল নামের আরো একজনকে মঙ্গলবার সকালে গ্রেফতার করে পুলিশ। 

শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, মুক্তিপণ না পেয়ে অপরহণকারীরা ঐ ছেলেকে হত্যা করে লাশ গুম করার জন্য পুকুরে ফেলে দেয়। আমরা আসামিদের গ্রেফতার করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।