ইত্তেফাক রিপোর্ট
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সুষ্ঠু নির্বাচন নয়, লুটপাটে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিজের আত্মা বিক্রি করেছেন। গতকাল মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর-পূর্ব ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো এবং নিউ মার্কেট থানা ছাত্রদলের সাবেক নেতা মাহবুবুর রহমান বাপ্পি স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নুরুল হুদার তো সুষ্ঠু ভোটের দরকার নেই। ওনার টাকা বরাদ্দ দরকার। লুটপাট দরকার। ইভিএম মেশিন একটা জালিয়াতির মেশিন। সেই মেশিন কিনতে টাকা দরকার। আর এই টাকা লোপাট করবে সিইসি এবং তার লোকেরা। এটা নিয়েই ব্যস্ত তিনি। সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যস্ততা নেই। ঢাকা মহানগর-পূর্ব ছাত্রদলের সভাপতি খন্দকার এনামুর রহমান এনামের সভাপতিত্বে দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহসভাপতি কাজী রওনোকুল ইসলাম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জয়েল প্রমুখ বক্তব্য দেন।
