পাথরঘাটা পৌর নির্বাচন

স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগে হামলা, আহত অর্ধশতাধিক

আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২২:২৪

বরগুনা পাথরঘাটা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের গণসংযোগের সময় ছাত্রলীগের অতর্কিত হামলায়  মোস্তাফিজুর রহমান সোহেলসহ অর্ধশতাধিক লোক গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকালে কলেজ সড়ক এলাকায় এই হামলার ঘটনার এক ঘণ্টার মাথায় এক দল ছাত্রলীগ কর্মী ফের স্বতন্ত্র প্রার্থী সোহেলের বসতবাড়িতে ভাঙচুর চালায়, ভাঙচুর করে কয়েকটি মোটরসাইকেলও। ঘটনার ছবি তোলার সময় দুই জন সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ছাত্রলীগ সদস্যরা।

পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান সোহাগ বলেন, স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল গণসংযোগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। পরে পুলিশ এসে হামলায় আহতদের চিকিত্সার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সোহেলের নিরাপত্তার জন্য তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। বরগুনা পুলিশ সুপার মুহাম্মাদ জাহাঙ্গীর মল্লিক বলেন, হামলার ঘটনায় পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর রিটার্নিং কর্মকর্তা সাবরিনা সুলতানা জানান, হামলার কথা শোনার পর পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।