ভারতের রাজধানী দিল্লিতে কৃষকদের বড় ধরনের বিক্ষোভ হয়েছে। প্রজাতন্ত্র দিবসেই সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে। এক কৃষকের মৃত্যু হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে ইন্টারনেট এবং মেট্রো সাময়িকভাবে বন্ধও করে দেওয়া হয়। কৃষকদের ট্রাক্টর ঐতিহাসিক লাল কেল্লায় প্রবেশের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসও নিক্ষেপ করেছে। খবর আনন্দবাজার পত্রিকার
দিল্লির রাজপথে যখন প্রজাতন্ত্র দিবসের প্যারেড চলছিল তখন দিল্লির চার সীমানা দিয়ে ট্রাক্টর নিয়ে প্রবেশ করে কৃষকরা। বিভিন্ন সীমানায় সব মিলিয়ে আড়াই লাখ ট্রাক্টর ছিল। কৃষকদের ট্রাক্টর মিছিল ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় দিল্লিতে। প্রাণ যায় এক কৃষকের। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ চলাকালীন ট্র্যাক্টরটি উলটে তার মৃত্যু হয় বলে জানা গেছে। তবে কৃষকদের অভিযোগ, দীনদয়াল উপাধ্যায় মার্গে ঢোকার মুখে তাদের পথ আটকায় পুলিশ। এমনকি গুলিও চালানো হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, ট্রাক্টরটিতে সেই গুলি এসে লাগে। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় ট্রাক্টরটি। তার নিচে চাপা পড়ে মৃত্যু হয় ঐ কৃষকের। লালকেল্লায় পৌঁছে যায় কৃষকদের মিছিল। কেবল পৌঁছে যায় তাই নয়, লালকেল্লায় পৌঁছে কৃষক আন্দোলনের পতাকা উড়িয়ে দেন বিক্ষোভকারীরা। সংঘর্ষ, কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করে পুলিশ নিয়ন্ত্রণে আনতে পারেনি। পথ পালটে লাল কেল্লায় গিয়ে কৃষকদের মধ্যে থেকে আওয়াজ ওঠে ‘অকুপাই দিল্লি’।
কৃষকদের শান্তি বজায় রাখার আবেদন জানান কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। টুইটারে তিনি লিখেন, হিংসা কখনো সমস্যার সমাধান হতে পারে না। দেশের মঙ্গলের কথা ভেবে কৃষি আইন প্রত্যাহার করতে সরকারের প্রতি আবেদনও জানান তিনি।
