পবিত্র মাহে রমজান ১৪ এপ্রিল শুরু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০০:৩৪

আর মাত্র তিন মাস পরেই রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। মোহাম্মদি পঞ্জিকা অনুযায়ী আগামী ১৪ এপ্রিল শুরু হবে মাহে রমজান। চান্দ্রমাস প্রতি বছর ঘুরে ১০ দিন হ্রাস পায়, সে হিসাবেও ১৪ এপ্রিল রোজা হওয়ার কথা। আর ১৩ মে সম্ভাব্য ঈদুল ফিতর। গত বছর রমজান মাস শুরু হয়েছিল ২৫ এপ্রিল। আর ২৫ মে হয়েছিল ঈদুল ফিতর। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ১৩ এপ্রিল শুরু হবে এ বছরের মাহে রমজান। প্রচলিত নিয়ম অনুযায়ী সৌদি আরবে যেদিন রোজা বা ঈদ হয় তার পরদিন বাংলাদেশে রোজা শুরু বা ঈদ হয়। মূলত ইসলামের রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর নির্ভরশীল আরবি মাস। চাঁদ দেখার মাধ্যমেই সারা বিশ্বের মুসলিমরা মাসব্যাপী রোজা পালন করেন। আকাশ গবেষক ও জ্যোতির্বিজ্ঞানীরা যাই বলুক না কেন, মুসলিম বিশ্ব চাঁদ দেখেই পালন করবে পবিত্র রমজান মাসের রোজা। এটাই ইসলামের সহিহ নীতি।

উল্লেখ্য, মুসলিম উম্মাহর কাছে রমজান মাস ও রোজা অনেক গুরুত্বপূর্ণ ও মহামর্যাদাবান। সব মুসলিমই জ্যোতির্বিজ্ঞানের গবেষণার চেয়ে খালি চোখে চাঁদ দেখে রোজা পালন করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। যদিও বিগত কয়েক বছর ধরে রোজা ও রমজানের তারিখ প্রযুক্তির কল্যাণে খালি চোখে চাঁদ দেখার আগেই নির্ধারণ হয়ে যায়।