কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনের মনোনয়ন দৌড়ে আবু তৈয়ব বাদশা

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১১:৪৯

দেশের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। চলতি বছরের মার্চ মাসে এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। এ ঘোষণার পর থেকেই চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন সম্ভাব্য প্রার্থীরা। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরাই বেশি তৎপর। নৌকা প্রতীকের সেই দৌড়ে নেমেছেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদেরও প্রায় দুই ডজন প্রার্থী।

 

তবে নির্বাচনের মাঠে নৌকার মাঝি হওয়ার দৌড়ে এখনো পর্যন্ত যে নামটি খুব জোরেসোরে শোনা যাচ্ছে তিনি হলেন কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবু তৈয়ব বাদশা। দলের সিনিয়র নেতাদের আর্শিবাদ তার মাথার উপর বলেই গুঞ্জন শোনা যাচ্ছে শহরের রাজনৈতিক মহলে।

 

এলাকাবাসী সূত্রে পাওয়া তথ্যমতে, ক্লিন ইমেজের এই নেতা ইতোমধ্যেই সুধী সমাবেশ ও বিভিন্ন মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন। নিজের অবস্থান আরো সুসংহত করতে সাধারণ মানুষের কাছে ছুটে চলেছেন দিনরাত। জেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে পথসভাও করতে দেখা গেছে তাকে। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ওইসব এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।

 

মনোনয়ন পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী আবু তৈয়ব বাদশা বলেন, মাঠের সক্রিয়তা, জনপ্রিয়তা ও স্বচ্ছতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেয়া হলে আমিই এগিয়ে থাকবো। জেলার সিনিয়র নেতাদের সমর্থনও আমার দিকেই থাকবে। এবার প্রায় ৭/৮ জন আওয়ামী লীগের নেতাকর্মী চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহী দেখাচ্ছেন। তবে আমার বিশ্বাস আমি মনোনয়ন পেলে দু’একজন ছাড়া সবাই আমাকেই নির্বাচনে সহযোগিতা করবেন।

মনোনয়ন না পেলে স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন কি না এমন প্রশ্নের উত্তরে বলেন, আমার জেলার গণমানুষের নেতা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের সিদ্ধান্ত মেনেই আমি নির্বাচন করবো। উনার সিদ্ধান্ত যা আমিও তাই করবো।

 

ইত্তেফাক/এএম