স্পোর্টস রিপোর্টার
লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ঘরের মাঠে ওয়ানডে সিরিজে শতভাগ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করা সিরিজে বাংলাদেশের ক্রিকেটাররাও দাপট দেখিয়েছেন ২২ গজের লড়াইয়ে। যার ছাপ পড়েছে ওয়ানডে র্যাংকিংয়ে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শেষে গতকাল এ সংস্করণের সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি।
র্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের উন্নতি ছিল চোখে পড়ার মতো। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো ওয়ানডেতে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন অফস্পিনার মিরাজ। চারে রয়েছেন তিনি। বাঁহাতি পেসার মুস্তাফিজও সেরা দশে ফিরেছেন। তার অবস্থান আট নম্বরে।
সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে উইন্ডিজদের বিরুদ্ধে তিন ম্যাচে ২.৭০ ইকোনমিতে ৭ উইকেট নিয়েছেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হয়েছিলেন তিনি। তাতেই ৯ ধাপ উন্নতি হয়েছে তার। ক্যারিয়ার সেরা র্যাংকিং চার নম্বরে উঠে এসেছেন মিরাজ।
তিন ম্যাচে মুস্তাফিজও দারুণ বোলিং করেছেন। ২.৯৫ ইকোনমিতে ৬ উইকেট নিয়েছেন তিনি। ১১ ধাপ উন্নতি হয়েছে মুস্তাফিজের। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরেও ক্যারিয়ার সেরা র্যাংকিং পাঁচে উঠেছিলেন তিনি। বাংলাদেশের বোলারদের মধ্যে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব ১৫ ধাপ এগিয়েছেন। ১৩ নম্বরে আছেন তিনি। তিন ধাপ এগিয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ৪৩তম স্থানে রয়েছেন। এটি তার ক্যারিয়ার সেরা। উইন্ডিজ বোলারদের মধ্যে আলজারি জোসেফ র্যাংকিংয়ের ৩৪তম স্থানে আছেন। তবে আগের মতোই ওয়ানডের শীর্ষ তিন বোলার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের মুজিব উর রহমান ও ভারতের জাসপ্রিত বুমরাহ।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশের মুশফিক, তামিমের এক ধাপ করে এবং মাহমুদউল্লাহর পাঁচ ধাপ উন্নতি এসেছে। তামিম ২২তম, মুশফিক ১৫, মাহমুদউল্লাহ ৪৯তম স্থানে রয়েছেন। আফগানদের বিরুদ্ধে টানা দুটি সেঞ্চুরি করা আয়ারল্যান্ডের ওপেনার পল স্টারলিং ৮ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন। অলরাউন্ডারদের মধ্যে সাকিব আগের মতোই শীর্ষে আছেন। সিরিজ জেতা বাংলাদেশ ওয়ানডেতে সাত নম্বরেই রয়েছে। রেটিং পয়েন্ট এখন ৯১। ভারত শীর্ষে আছে। তারপরের স্থানগুলোতে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান রয়েছে। এদিকে র্যাংকিংয়ে এমন উন্নতির প্রতিক্রিয়ায় মিরাজ বলেছেন, এমনটা কল্পনাও করেননি। গতকাল তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি আসলে চিন্তাও করতে পারিনি সেরা পাঁচে থাকবো।’
