চসিক নির্বাচন বানচালে বিএনপির অপপ্রয়াস ভন্ডুল হয়েছে :কাদের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২২:৪৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচাল করার বিএনপির অপপ্রয়াস ভন্ডুল করে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন-পরবর্তী আয়োজিত সংবাদ সম্মেলনে আরো বলেন, করোনা মহামারিজনিত শঙ্কা কাটিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিসমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কর্তৃক ইভিএম মেশিন ভাঙা ও কেন্দ্র দখলসহ সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সহিংসতার পথ বেছে নিয়েছে বিএনপি, যা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে। তিনি বলেন, বরাবরের মতো বিএনপি ভোটের মাঠে অংশগ্রহণ না করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পরিস্থিতি সৃষ্টি করে তার দায়ভার আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর চাপানোর চেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে প্রথম থেকেই বিএনপি প্রার্থীসহ নেতাকর্মীরা নির্বাচনি মাঠে যে ধরনের সুযোগ-সুবিধা পেয়েছে তা তাদের আমলেও পায়নি।

বিএনপি ৭৩৫টি কেন্দ্রের সব কেন্দ্রে এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের সেই সাংগঠনিক ক্ষমতাও নেই জানিয়ে তিনি বলেন, তারা তাদের দুর্বলতা ঢাকতে ও গণরায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহানগরীর জনগণ কখনোই বিএনপির পক্ষে সমর্থন দেয়নি। এমনকি তারা যখন ক্ষমতায় ছিল তখনো আওয়ামী লীগসমর্থিত মেয়র প্রার্থী জয়ী হয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ওবায়দুল কাদের নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী, সব ভোটার, জনসাধারণ ও নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।