পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ বৃহস্পতিবার দুই দিনের সফরে নয়াদিল্লি যাচ্ছেন। সফরকালে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গতকাল বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে তিনি বলেন, তিস্তা চুক্তির বল এখন তাদের (ভারতের) কোর্টে। আমরা এ বিষয়ে তাদের কাছ থেকে সুখবর শুনতে চাই।
তিনি বলেন, তিস্তা নিয়ে আমরা আলোচনা করতে চাই। এটা নিয়ে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার সমঝোতায় আসতে পারেনি। তবে অভিন্ন ছয়টি নদীর পানি বণ্টনের পাশাপাশি তিস্তা নিয়েও আলোচনা চালিয়ে যেতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ মার্চ ঢাকা সফরে এলে কোনো চুক্তি হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি।
