যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অ্যান্টনি ব্লিনকেন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ০১:০৯

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত বর্ষীয়ান কূটনীতিক অ্যান্টনি ব্লিনকেন। মঙ্গলবার মার্কিন সিনেট তার নিয়োগ নিশ্চিত করেছে। সিনেটে ভোটাভুটিতে ব্লিনকেনের নিয়োগের পক্ষে ৭৮ ভোট পড়েছে। আর বিপক্ষে পড়েছে ২২ ভোট। তার নিয়োগের বিরোধিতা করে যেসব ভোট পড়েছে সবই রিপাবলিকান দলের। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নিয়োগ নিশ্চিত হওয়ার পর যে কোনো দিন দায়িত্ব গ্রহণ করবেন ব্লিনকেন। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর স্থলাভিষিক্ত হচ্ছেন।  

ব্লিনকেন এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাইডেন তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। গত সপ্তাহে সিনেটের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি তার নিয়োগ নিশ্চিত করে। সেখানে শুনানিতে তিনি পররাষ্ট্র নীতি বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ব’ নীতি ছাপিয়ে মিত্রদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।