দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’।—এ কথা নতুন করে বলার অবকাশ রাখে না। শুরু থেকে আজ অবধি ইত্যাদির দর্শকরা অপেক্ষায় থাকেন কবে, কখন প্রচার হবে তাদের প্রিয় অনুষ্ঠানটি। তবে তাদের অপেক্ষার প্রহর কাটছে আজ। চট্টোগ্রামের পতেঙ্গায় ধারণ করা ইত্যাদির নতুন এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে আজ রাত ৮টা ৪০ মিনিটে। দীর্ঘদিন ধরে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান এবং সেখানকার কৃষ্টি কালচার উপস্থাপনের ভেতর দিয়ে জনপ্রিয় এই অনুষ্ঠানটি ধারণ করে আসছেন বরেণ্য ব্যক্তিত্ব হানিফ সংকেত। তারই ধারাবাহিকতায় এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে নান্দনিক স্থাপত্য বাংলাদেশ নেভাল একাডেমিতে। গত ১৬ জানুয়ারি বঙ্গোপসাগর আর কর্ণফুলীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহ্যবাহী বাংলাদেশ নেভাল একাডেমির বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে স্বাস্থ্যবিধি মেনে সীমিতসংখ্যক দর্শক নিয়ে সুশৃঙ্খলভাবে ধারণ করা হয়েছে ইত্যাদি। শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত দর্শকসহ সবার স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় রেখে অত্যাবশ্যকীয়ভাবে নিশ্চিত করা হয় সকল দর্শকের মাস্ক ব্যবহার। বঙ্গবন্ধু কমপ্লেক্সের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চের সামনে আমন্ত্রিত দর্শকরা ইত্যাদির মাস্ক পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছেন ইত্যাদির নান্দনিক সব পর্ব। ইত্যাদির এই ধারণ অনুষ্ঠান চলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠানে গান রয়েছে দুটি। বাংলাদেশ নৌবাহিনীকে নিয়ে রচিত একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী। গানটিতে কণ্ঠ দিয়েছেন নৌ-সদস্য সৌরভ, মেহেদী, পিয়াল ও আনুভা এবং নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল ও মামুন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গৌরব নিয়ে আরো একটি দেশের গান গেয়েছেন চট্টগ্রামেরই সন্তান জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী, আর নৌ-সদস্য লেফটেন্যান্ট সাদিয়া। গানের সঙ্গে যন্ত্রসংগীতে অংশগ্রহণ করেছেন নৌবাহিনীর অর্কেস্ট্রা দল। দুটি গানেরই কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।
এবারের ইত্যাদিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্রপ্রহরী বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ নেভাল একাডেমির ইতিহাস-ঐতিহ্যর ওপর রয়েছে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন। ঝরেপড়া শিশুদের নেশা থেকে বাঁচিয়ে জীবনের দিশা দেওয়ার জন্য একটি নৈতিক স্কুল খুলেছেন মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালেহ উদ্দিন। তার ওপর রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন। গুড় একটি অত্যন্ত প্রাচীন মিষ্টি জাতীয় খাদ্য এবং বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এবার সেই গুড় তৈরি, গুড়ের মান ও বিক্রির ওপর রয়েছে একটি অনুসন্ধানী প্রতিবেদন। চুয়াডাঙ্গা জেলার ট্রাফিক পুলিশ সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসের পাখী প্রেমের ওপর রয়েছে একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হাসান পারভেজ ও তার হাতে লেখা পত্রিকার ওপর রয়েছে একটি হূদয়স্পর্শী প্রতিবেদন। রয়েছে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের হেলাল উদ্দিনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ওপর একটি অনুকরণীয় প্রতিবেদন। এবারের পর্বে রয়েছে সভ্যতা ও গণতন্ত্রের জন্মভূমি এথেন্সের আগোরার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।
দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণ স্থান বাংলাদেশ নেভাল একাডেমি ও বাংলাদেশ নৌবাহিনীকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা একটি নাট্যাংশে অভিনয় করেন। নিয়মিত পর্বসহ এবারো রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশকিছু নাট্যাংশ। বরাবরের মতো এবারো ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। আবহসংগীত করেছেন নাভিদ পারভেজ। এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন এস এম মহসীন, মাসুম আজিজ, সোলায়মান খোকা, আব্দুল আজিজ, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, কাজী আসাদ, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, জিল্লুর রহমান, বিলু বড়ুয়া, জামিল হোসেন, সজলসহ অনেকে। পরিচালকের সহকারী হিসেবে ছিলেন যথারীতি রানা ও মামুন। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত এবং নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
