শিশিরের ঠোঁট

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২১:০৪

 

দূর্বায় ডুবে যায় শিশিরের ঠোঁট,

আলপথে বেগুনি গন্ধ মেখে মটরশুঁটি

গুটিশুটি কেমন তাকায়;

এমন ভোরে—

রাতের কল্প হয়ে জেগে থাকে স্নেহলতা নারী

তার চোখ বাদামের বীজ হয়ে জোনাক-গল্প আঁকে

ফণীমনসায়

 

সেই কবে, বাঁশখালি জলে—

ডুব হয়ে ছুঁয়েছিল কাতলের বুক;

আজও জাগে

ভরা রাতে গাঙচিল সুখ, জেগে থাকে—

তাকে কি ভোলাতে পারে কইতরি ছোঁয়া;

সুরুজের সলাজ চুম্বন?