করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা এবং অনলাইনে শতভাগ ক্লাস নেওয়া তথা শিক্ষা কার্যক্রম পরিচালনার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষাব্যবস্থার জন্য ডিজিটাল শিক্ষা কনটেন্ট তৈরির পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা সচিব, শিক্ষাসচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ডাকযোগে আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ দেন। তিনি বলেন, ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভার বৈঠক, কোর্টের কার্যক্রম ও টেলিমেডিসিন সেবাসহ বিভিন্ন অনলাইন সেবা কার্যক্রম চলছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ থেকে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। ই-কমার্স বাণিজ্যও বেড়েছে শতগুণ। সেজন্য করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে ভার্চুয়ালি তা পরিচালনা করতে হবে—যাতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা করোনায় আক্রান্ত না হন।
