শস্যচিত্রে বঙ্গবন্ধু কার্যক্রমের উদ্বোধন আজ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২৩:০৬

কৃষিজমিকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে নানা প্রজাতির ফসলের সুপরিকল্পিত ও শৈল্পিক চাষের মাধ্যমে বঙ্গবন্ধুকে আঁকার উদ্যোগ নিয়েছে শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদ। শস্যচিত্রে বঙ্গবন্ধু কার্যক্রমের উদ্বোধন হবে আজ শুক্রবার। দুপুর ১২টায় বগুড়া জেলার শেরপুর উপজেলার বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী আয়োজন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। শস্য রোপণ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বঙ্গবন্ধু জাতীয় পরিষদের আহ্বায়ক ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুর রশীদ ভুইঞা, কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১০০ বিঘা জমির ওপর নির্মিত ভিন্নরকম এই চিত্রকর্মের উদ্দেশ্য গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়া। গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী সর্ববৃহত্ শস্যচিত্র ২০১৯ সালে চীনে তৈরি করা হয়, যার আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। বাংলাদেশের শস্যচিত্রের আয়তন হবে প্রায় ১২ লাখ ৯২ হাজার বর্গফুট বা ১ লাখ ২০ হাজার বর্গ মিটার। শস্যচিত্রটির দৈর্ঘ্য ৪০০ মিটার ও প্রস্থ ৩০০ মিটার।