ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালক-যাত্রীর ছদ্মবেশে ডাকাতি, গ্রেফতার ৩

আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ২৩:০৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চালক ও যাত্রীর ছদ্মবেশে নিরীহ যাত্রীদের পরিবহনের নামে তাদের সর্বস্ব লুটে নিচ্ছে সংঘবদ্ধ একদল ডাকাত। এমনই একটি ডাকাতির ঘটনা ঘটেছে গত ২৪ জানুয়ারি বিকালে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রাইভেট কারসহ তিন ডাকাতকে গত বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, সাংবাদিকতার ভুয়া আইডি কার্ডসহ বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে—মাদারীপুরের শিবচর উপজেলার কিনাই মোল্লার ছেলে আফজাল হোসেন (৩৮), চাঁদপুর সদরের দয়ালতি গ্রামের মো. লিটনের ছেলে রনি (৩৫) ও কল্যাণদি গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জহির হোসেন (৩৯)। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।