মো. কবির হোসেন (সুজন), প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের দ্বিতীয়পত্র হতে একটি উদ্দীপক এবং উদ্দীপকের আলোকে উত্তর প্রদান করা হলো।
উদ্দীপক:সরকারের ‘ডেল্টা প্লান- ২১০০’ বা মহাপরিকল্পনায় ডেল্টা ফান্ডের কাঠামো ও ফান্ড পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এই নীতিমালা প্রণয়ন সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীদের দীর্ঘ চিন্তাভাবনার ফসল। এ বিষয়ে ১০ বছরব্যাপী প্রথম প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১ বাস্তবায়নাধীন এবং দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১ প্রণয়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করতে হয়।
ক) প্রশাসন কী?
খ) ব্যবস্থাপনার সর্বজনীনতা বলতে কী বোঝায়?
গ) উপরের উদ্দীপকে নীতিমালা প্রণয়ন সংগঠনের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা? আলোচনা করো।
ঘ) উদ্দীপকে প্রথম প্রেক্ষিত পরিকল্পনাকে মেয়াদের দৃষ্টিকোণ হতে তুমি কীভাবে মূল্যায়ন করবে?
উদ্দীপকের ক নং প্রশ্নর উত্তর:ব্যবস্থাপনার উপরি পর্যায়ে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিবর্গের প্রয়াস প্রচেষ্টাকে প্রশাসন বলা হয়।
উদ্দীপকের খ নং প্রশ্নর উত্তর:সকল ক্ষেত্রে ব্যবস্থাপনা জ্ঞানের প্রয়োগযোগ্যতাকে ব্যবস্থাপনার সর্বজনীনতা বলা হয়।
বৃহদায়তন প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার আবশ্যকতা যেমনি, ছোট ছোট প্রতিষ্ঠানেও ব্যবস্থাপনার আবশ্যকতা তেমনি। তাছাড়া পরিবার, সমাজ, রাষ্ট্র এমনকি সর্বক্ষেত্রে ব্যবস্থাপনার উপস্থিতি বিদ্যমান। এছাড়াও পরিকল্পনা বাস্তবায়নের জন্য ছোট বড় সকল প্রতিষ্ঠানেই উপায়-উপকরণাদি সংহতকরণ, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ ইত্যাদি কার্য সম্পাদনের ব্যবস্থাপনার আবশ্যকতা রয়েছে। তাই আড়াই হাজার বছর পূর্বে গ্রীক দার্শনিক সক্রেটিস বলেছিলেন, ‘ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়’।
উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর:উপরের উদ্দীপকে নীতিমালা প্রণয়ন সংগঠনের ভিত্তিতে স্ট্র্যাটিজিক বা কৌশলগত পরিকল্পনা।
তীব্র প্রতিযোগিতামূলক বাজারে উদ্দেশ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদি সিদ্ধান্তমূলক কোনো পরিকল্পনা গ্রহণকে স্ট্র্যাটিজিক বা কৌশলগত পরিকল্পনা বলা হয়।
সরকারের ‘ডেল্টা প্লান- ২১০০’ বা মহাপরিকল্পনায় ডেল্টা ফান্ডের কাঠামো ও ফান্ড পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন আছে। এই ধরনের নীতিমালা প্রণয়ন সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীদের দীর্ঘ চিন্তা ভাবনার ফসল। প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ের নির্বাহীদের নীতিমালা প্রণয়ন একটি স্ট্র্যাটিজিক বা কৌশলগত পরিকল্পনা। যদিও এটি তীব্র প্রতিযোগিতামূলক বাজারের জন্য না হয়ে উন্নয়নশীল দেশে উন্নয়নের প্রয়োজনে ব্যাপক চিন্তা ভাবনার ফলে রাষ্ট্রীয় স্বার্থে এই ধরনের মহাপরিকল্পনা প্রণয়নে নীতিমালা প্রণয়ন করা হয়। তাই এটি কৌশলগত পরিকল্পনা।
ঘ- এর উত্তর আগামীকাল
