কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জ ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তর ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মালিকদের তিন দফা সময় দিয়েও আবাসিক এলাকা থেকে ৮১টি ডাইং ও ওয়াশিং কারখানা সরানো যায়নি। অথচ এসব কারখানার বিষাক্ত কেমিক্যাল বুড়িগঙ্গায় মিশে পানি দূষিত করছে এবং আবাসিক এলাকার পরিবেশে নষ্ট করেছে।
জানা গেছে, কেরানীগঞ্জের পরিবেশ দূষণমুক্ত করতে বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ রোহিতপুর বিসিক শিল্প নগরীর পাশ ঘেঁষে সোনাকান্দা এলাকায় ডাইং ও ওয়াশিং কারখানার জন্য জমি বরাদ্দ দেওয়ার পরও কারখানা মালিকরা বিভিন্ন অজুহাত দেখয়ে আবাসিক এলাকা থেকে যেতে গড়িমসি করছে।
পরিবেশে অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা বেগম বলেন, পরিবেশ দূষণ ছাড়াও এলাকায় প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এতে করে কেরানীগঞ্জের বাসিন্দারা ঝুঁকিতে রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেরানীগঞ্জে আগানগর, নাগর মহল ও কালীগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীর পাড় ও আবাসিক এলাকায় ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশিন হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি ওয়াশিং কারখানার গ্যাস লাইন বিছিন্ন করে সিলগালা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা উপ-পরিচালক শাহিদা বেগম, র্যাব-১০-এর সদস্য দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ উপস্থিত ছিল।
