অস্ত্র খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:৩৬

চট্টগ্রাম নগরীতে অস্ত্র খুঁজতে গিয়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। নগরীর আগ্রাবাদের বংশালপাড়া এলাকার একটি বাড়িতে ঐ কারখানা থেকে দুটি দেশীয় অস্ত্র, একটি এয়ারগান ও অস্ত্র তৈরির নকশা, সরঞ্জামসহ মেহেরুন নেসা মুক্তা নামে এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আটক মুক্তা ও তার স্বামী নিজাম খান ঐ কারখানায় অস্ত্র তৈরি করত। ঘটনার পর থেকে নিজাম খান পলাতক রয়েছে। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের হয়েছে।

গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক বলেন, বংশাল পাড়ায় গুলির শব্দ শুনে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে পুলিশ ঐ এলাকায় অভিযান চালায়। অভিযানে নিজাম খানের বাড়ি থেকে গুলি করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়। এর পর ঐ বাড়ির ছাদে তল্লাশি চালিয়ে কবুতরের ঘরের ভেতর অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। ফারুক উল হক বলেন, নিজাম নিজে বাসায় অস্ত্র তৈরি করে বিক্রি করত। তাকে ধরা গেলে জানা যাবে কাদের কাছে এসব অস্ত্র বিক্রি করত সে।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ঐ এলাকায় প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে শাহ আলম নামে এক ব্যক্তির বাড়িতে গুলি করার ঘটনার সত্যতা পাওয়া যায়। ওসি মহসিন বলেন, শাহ আলম আমাদের জানান, বুধবার সিটি নির্বাচনের দিন নিজাম তাকে হুমকি দিয়েছিল। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে তার বাসা লক্ষ্য করে গুলি চালায় নিজাম। এ ঘটনায় নিজাম খান, তার স্ত্রী মেহেরুন নেসা মুক্তা এবং অপর এক সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন শাহ আলম।

ওসি আরো জানান, শাহ আলমের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজাম খানের বাড়িতে তল্লাশি করা হয়। বাড়ির ছাদে তিনটি কবুতরের বাসার একটিতে অস্ত্র কারখানার সন্ধান মেলে।