কামারখন্দে বিষ দিয়ে নারী উদ্যোক্তার ৮ লাখ টাকার মাছ মেরেছে দুর্বৃত্তরা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ২২:৪৪

সিরাজগঞ্জের কামারখন্দে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে একটি পুকুরের প্রায় ১০০ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে উপজেলার চৌবাড়ী গ্রামের নারী উদ্যোক্তা শারমিন চৌধুরী শিরিনের পুকুরের মাছ মেরে ফেলার এ ঘটনা ঘটে। বিষাক্ত গ্যাস ট্যাবলেটের মাধ্যমে পুকুরের সব মাছ মেরে ফেলায় বিপাকে পড়েছেন ঐ নারী উদ্যোক্তা।

শারমিন জানান, গত সোমবার সকালে পুকুরে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে আছে। কে বা কারা রবিবার রাতে আমার পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট ফেলে যায়। এতে পুকুরের প্রায় ১০০ মণ মাছ মরে যায়। এতে আমার প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উপজেলা মত্স্য কর্মকর্তা সেলিম রেজা জানান, ঐ পুকুরের পানি পরীক্ষা করে পুকুরটিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেটের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। নতুন করে মাছ চাষের জন্য পুকুর মালিককে পরামর্শ দেওয়া হয়েছে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, একটি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ মেরে ফেলার ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।