অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০০:২৭

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউনিয়নের ২৭ টি দেশে এই টিকা প্রয়োগ করা যাবে। ১৮ বছরের বেশি বয়সীদের উপর এই কোভিড টিকা প্রয়োগের অনুমতি দিয়েছে ইইউ ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। টিকার সরবরাহ নিয়ে টিকা প্রস্তুতকারক এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বের মধ্যে এই অনুমোদন আসলো।

ওষুধ প্রস্তুতকারকের সঙ্গে হওয়া চুক্তি প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। ইইউতে থাকা একটি কারখানায় সমস্যার কারণে টিকার সরবরাহ কমে যাবে বলে গত সপ্তাহে জানিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। ইউরোপীয়ান কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েন শুক্রবার জার্মান রেডিওকে বলেন, আগস্টে সম্পাদিত ওই চুক্তির মধ্যে আইনগতভাবে বাধ্যতামূলক আদেশ ছিল। অ্যাস্ট্রাজেনেকার বিবৃতির ব্যাখ্যাও দাবি করেন তিনি। এদিকে মাঝারি ও গুরুতর পর্যায়ের জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা ৬৬ শতাংশ কার্যকর। বিশ্বব্যাপী তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগে এই ফলাফল পাওয়া গেছে। জনসন এক ডোজের এই টিকা তৈরি করছে। এর আগে বৃহস্পতিবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছিল। -বিবিসি ও সিএনএন