পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১৯:২৪

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

আমাদের পরিবেশ

 

৪. উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো।                

উত্তর:নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তোলার জন্য উদ্ভিদের বীজের বিস্তরণ গুরুত্বপূর্ণ।

মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ। এ কাজে বিভিন্ন প্রাণী, যেমন— মানুষ, পাখি এবং জড় উপাদান, যেমন— বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বীজের বিস্তরণের ফলে নতুন পরিবেশে অঙ্কুরিত হওয়া চারা সেখানকার পরিবেশের সাথে অভিযোজিত হয়।

৫. তোমার টেবিলের উপরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন ?          

উত্তর:আমার টেবিলের উপরে রাখা গাছটি মরে যাওয়ায় আমার বন্ধুরা আমাকে গাছটি জানালার পাশে রাখার পরামর্শ দিল। এর কারণ হলো ঘরের টেবিলের উপর রাখা গাছটি বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সূর্যের আলো পায় না। তাই গাছটি সূর্যের আলোর অভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় তার জীবনযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্য তৈরি করতে পারে না। এই খাদ্যের অভাবে গাছটি মারা যাচ্ছিল।

এমতাবস্থায় গাছটিকে জানালার পাশে আনলে পর্যাপ্ত সূর্যের আলো পাবে। এই সূর্যের আলো ব্যবহার করে সে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারবে। ফলে গাছটির বৃদ্ধি স্বাভাবিক হবে এবং গাছটি সতেজ থাকবে।

৬. মানুষ বেঁচে থাকার জন্য কীভাবে জড় বস্তুর উপর নির্ভরশীল তা পাঁচটি বাক্যে লেখ।

উত্তর: অন্যান্য প্রাণীর মতো মানুষও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। নিচে এ নির্ভরশীলতা আলোচনা করা হলো—

১. মানুষ তার শ্বাসকার্য সম্পাদনের জন্য বায়ুতে বিদ্যমান অক্সিজেন ব্যবহার করে।

২. মানুষকে বেঁচে থাকার জন্য পানি পান করতে হয়।

৩. মানুষের বেঁচে থাকার জন্য পুষ্টি ও খাবার প্রয়োজন।

৪. মানুষ ফসল ফলায় ও বাসস্থান নির্মাণ করে যার জন্য মাটির প্রয়োজন।

৫. এছাড়া জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র, পোষাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন হয় যা সাধারণত জড়বস্তু।