যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা সমপ্রতি তাদের ওয়েবসাইটে ‘নাসা স্পেস অ্যাপস প্রতিযেগিতা ২০২০’ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৫০ দেশের ৩৮০০ প্রজেক্টের মধ্যে বাংলাদেশের টিম ‘বুয়েট জেনিথ’ অনারেবল মেনশন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে। টানা ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর তত্ত্বাবধানে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০’-এ অংশগ্রহণ করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে প্রতিযোগিতার আয়োজক হিসেবে বেসিস বাংলাদেশের ৯টি শহরে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০ বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করে। সেখান থেকে প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপ দলের ১৭টি প্রজেক্ট নাসায় জমা দেয় বেসিস। তার মধ্যে চূড়ান্ত পর্বের ঢাকা জেলার টিম ‘বুয়েট জেনিথ’ এবং বরিশাল জেলার টিম ‘ভ্যাকপিকার’ গ্লোবাল ফাইনালিস্ট ৪০ টিমের ভিতর জায়গা করে নিয়েছিল।
বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ২০১৮ সালের মতো এই বছরেও নাসা স্পেস অ্যাপ প্রতিযোগিতায় আবারোও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দল ‘বুয়েট জেনিথ’। এটি আমাদের জন্যে অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশের তরুণরা এ ভাবেই দেশকে বারবার বিশ্বের দরবারে সম্মানজনক স্থানে তুলে ধরবে বলে আমার বিশ্বাস।
‘বুয়েট জেনিথ’-প্রকল্পের মেহেরাব হক জানান- তারা মূলত নাসার তথ্য ব্যবহার করে স্যোশাল প্ল্যাটফর্ম মাধ্যমে মানুষের সাথে স্যাটেলাইটের সংযোগ বৃদ্ধি কাজ করছে। মহাকাশে কোন স্যাটেলাইট কোথায় অবস্থা করছে এই সকল তথ্য সংগ্রহ করে খুব সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া হলো তাদের প্রকল্পের মূল কাজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দল ‘বুয়েট জেনিথ’-এর সদস্যরা— ফাবিয়া তাসনিম, মেহরাব হক, তামিমুল ইহসান, রাবিব করিম, জাহিদুল ইসলাম, হাসান মাসুম সকলেই অনেক আনন্দিত যে তাদের প্রকল্প বৈশ্বিক পর্যায়ে বিজয়ী হতে পেরে।
