সড়কে বাস রেখে যাত্রী ওঠানো বন্ধ হোক

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:০৩

কুমিল্লার বৃহত্ আন্তঃজেলা বাস টার্মিনাল শাসনগাছায়। একসময়ের ঢাকা-চট্টগ্রাম পুরাতন ট্রাঙ্ক রোড এলাকার এই স্থান দিয়ে ঢাকা-চট্টগ্রামসহ দূরপাল্লার গাড়ি চলাচল করত। বর্তমানে ঢাকা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াসহ জেলার বিভিন্ন জায়গায় যেতে বাসগুলো এই টার্মিনাল ব্যবহার করছে। কিন্তু সড়কের ওপর বাস দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে যাত্রীর জন্য অপেক্ষমাণ থাকায় প্রতিদিনই যানজটে পথচারীদের হাঁটা-চলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শাসনগাছা আন্তঃজেলা বাস টার্মিনাল সংলগ্ন রয়েছে ব্যক্তিমালিকানাধীন আরো দুটি বাস টার্মিনাল। বাসগুলো নির্ধারিত সময়ে যাত্রীসহ টার্মিনাল থেকে বের হলেও সড়কের ওপর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে আরো যাত্রী তোলার জন্য। এতে টার্মিনাল সংলগ্ন পুরো সড়কটি পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাস টার্মিনালে প্রতিটি বাসের নিজস্ব জায়গা রয়েছে। তা সত্ত্বেও বাস সড়কের ওপর রেখে হাঁকা হয় যাত্রী। এতে সড়কে তীব্র যানজটের বিষয়টি প্রশাসনের নজরে আনলেও দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না সাধারণ মানুষের। সকাল থেকে রাত আটটা-নয়টা পর্যন্ত টার্মিনাল ছেড়ে বাসগুলো সড়ক দখল করে জনদুর্ভোগ চরমে ওঠায়। এর সঙ্গে রয়েছে ভাসমান দোকানিরা। সড়কের ওপর বাসগুলো এলোপাতাড়ি রাখায় যানবাহন চলাচল একরকম বন্ধ হয়ে যায়। পরিশেষে, শাসনগাছা বাস টার্মিনাল সংলগ্ন সড়কটি অবৈধ দখলমুক্ত করে যানজট নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

মামশাদ কবীর

কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০