নরসিংদীতে স্ত্রীকে এসিড ছুড়লো স্বামী

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:২৮

নরসিংদীতে তাছলিমা (২৮) নামে এক গৃহবধূর শরীর এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী আমান উল্লার বিরুদ্ধে। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলানপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসিডদ্বগ্ধ তাছলিমা ঢাকা মেডিকেল কলেজ ভর্তি, রয়েছেন। অন্যদিকে অভিযুক্ত আমান উল্লা পলাতক আছেন। 

তাছলিমার পরিবার জানায়, ১৩ বছর পূর্বে মহিষাশুরা ইউনিয়নের বথোয়াদি গ্রামের সফুর উদ্দিনের পুত্র মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহর সাথে আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় তাছলিমার। তাদের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। গত কয়েক মাস পূর্বে আমান উল্লাহ দ্বিতীয় বিয়ের খবর জানাজানি হলে তাছলিমা বাবার বাড়ি চলে আসেন। বাবার বাড়িতে জায়গা সংকুলান না হওয়ায় পাশ্ববর্তী একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন তাছলিমা। 

ঘটনার দিন হঠাৎ করেই তাছলিমাদের বাড়িতে আসেন আমান উল্লাহ। তারা রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে তাছলিমার চিৎকার শুনে তার বাবা-মা ছুটে গিয়ে দেখেন গলা থেকে পা পর্যন্ত এসিডে জ্বলসে যাওয়া সারা শরীরে যন্ত্রনায় ছটফট করছে তাছলিমা। পরে তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন। পরিবারের অভিযোগ, আমান উল্লাহ ঘুমন্ত অবস্থায় স্ত্রী তাছলিমার উপর এসিড ঢেলে পালিয়েছে। 

আরো পড়ুন:  ওয়েজবোর্ড বাস্তবায়নে কমিটি গঠনে প্রধানমন্ত্রীকে তথ্যমন্ত্রীর কৃতজ্ঞতা

মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের আবদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এব্যাপারে ভিকটিমের বাবা খোরশেদ আলম থানায় অভিযোগ দায়ের করেছেন। আমান উল্লাহকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে’।

ইত্তেফাক/অনি/জেডএইচডি