মানিকগঞ্জ প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিটি ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। করোনার ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হবে না তা নয়। ভ্যাকসিন নেওয়ার পরে জ্বর হতে পারে, এটা স্বাভাবিক, মাথা ব্যথা হতে পারে, ভ্যাকসিন নেওয়ার জায়গা একটু ফুলে যেতে পারে। তবে এতে ভয়ের কিছু নেই। এখন পর্যন্ত যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তারা সকলেই ভালো আছেন।
গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, ভ্যাকসিন এখন একটি বড় অস্ত্র। করোনা মোকাবিলায় এই অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এ বিষয়ে প্রশংসা পাচ্ছে। অনেক রাষ্ট্র এখনো ভ্যাকসিন পায়নি। আগামী দুই-তিন মাসেও পাবে কি না সন্দেহ। তার উদাহরণ থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা। বিশ্বের ২৩ নম্বর দেশ হিসেবে বাংলাদেশে ভ্যাকসিন দেওয়া শুরু করেছে।
ভ্যাকসিন এমনি এমনি আসেনি। ছয় মাস যাবত্ এর পিছনে লেগে থাকতে হয়েছে। যারা ভ্যাকসিন তৈরি করছে সকলকে আমরা পত্র পাঠিয়েছি। সবার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছি, বুকিং দিয়েছি, টাকা পাঠিয়েছি, যে কারণে আগেই ভ্যাকসিন পেয়েছি। আরো ৩ কোটি ভ্যাকসিনের টাকা ইতিমধ্যে দিয়েছি। বিশ্বস্বাস্থ্য সংস্থায় ৬ কোটি ভ্যাকসিনের অর্ডার দেওয়া আছে বলে জানান মন্ত্রী।
অবহিতকরণ সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, সিভিল সার্জন আনোয়ারুল আমি আখন্দ, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
