বান্দরবান প্রতিনিধি
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বান্দরবান পৌরসভা নির্বাচন। নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ পাঁচ জন প্রার্থী। অন্যদিকে পৌরসভার ৯টি সাধারণ ওয়ার্ডে লড়ছেন ২৯ জন পুরুষ প্রার্থী এবং সংরক্ষিত আসনের তিনটি পদে সাত জন নারী প্রার্থী। নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। চলছে পোস্টারিং-মাইকিং। ভোটারের দুয়ারে দুয়ারে ছুটে বেড়াচ্ছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকেরা।
আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ইসলাম বেবী জোর প্রচারণা চালালে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. জাবেদ রেজা এখনো আনুষ্ঠানিক প্রচারণায় মাঠে নামেনি। পাশাপাশি পার্বত্য নাগরিক পরিষদ মনোনীত নারিকেলগাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নাছিরুল আলম, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. শাহজাহান প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে মেয়র পদপ্রার্থীদের মতোই নির্বাচনি এলাকাগুলো চষে বেড়াচ্ছেন কাউন্সিলর পদপ্রার্থীরা।
জমে উঠেছে বানারীপাড়া পৌরসভা নির্বাচন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলসহ তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য প্রার্থীদের মধ্যে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ (রিয়াজ মৃধা) এবং স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মিন্টু নারিকেলগাছ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের সাধারণ আসনে ২৮ জন এবং সংরক্ষিত আসনে ১৩ জন নারী কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জয়পুরহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী
লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান
জয়পুরহাট প্রতিনিধি জানান, মেয়র পদে বর্তমান মেয়র মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রার্থী সিলেকশন কমিটির বৈঠকে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পঞ্চম ধাপে জয়পুরহাট পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
