ফুলবাড়ীতে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:১৩

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা

ফুলবাড়ীতে গতকাল শনিবার এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঋতু মল্লিক (২৩)। উপজেলার শিবনগর ইউনিয়নের চম্পার রাইস মিল-সংলগ্ন নানাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঘাটুরিয়া বসনিরাহাট গ্রামের করুণাময় মল্লিকের মেয়ে এবং ফুলবাড়ী সরকারি কলেজের দর্শন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্রী ছিলেন। ঋতু মল্লিকের নানি লিলিমা সরকার বলেন, ঋতু তাদের কাছেই বড় হয়েছেন। গত শুক্রবার রাতে তিনি খাবার খেয়ে নিজের ঘরে ঘুমাতে যান। শনিবার সকালে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের জানালে তারা বাড়ির পেছনের জানালা ভেঙে দেখেন ঋতুর ঝুলন্ত লাশ। থানায় খবর দিলে পুলিশ এসে গেট ভেঙে লাশ উদ্ধার করে।

ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘরের আড়ায় ওরনা পাঁচানো ঋতুর লাশসহ তার লেখা একটি চিঠি উদ্ধার করা হয়। তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে তিনি চিঠিতে উল্লেখ্য করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।