প্রায় ৯ মাস পর দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩০০ ঘরে নামল। গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬৩ রোগী শনাক্ত হয়েছে। এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ২৫ এপ্রিল; সেদিন ৩০৯ জন রোগী শনাক্তের কথা জানানো হয়েছিল। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ শতাংশ, যা গত সাড়ে আট মাসের মধ্যে সর্বনিম্ন।
নতুন ৩৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জন হয়েছে। গত এক দিনে মারা যাওয়া ১৭ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট ৮ হাজার ১১১ জনের মৃত্যু হলো। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ৩৩৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জন হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক সপ্তাহের ব্যবধানে নমুনা পরীক্ষা শূন্য দশমিক ৭৫ শতাংশ বাড়লেও রোগী শনাক্তের হার ১৯ শতাংশ কমেছে। মৃত্যুর হারও কমেছে ১০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২০৪টি ল্যাবে ১২ হাজার ৮৪টি নমুনা পরীক্ষা হয় বলে জানানো হয়েছে। এ পর্যন্ত পরীক্ষিত নমুনার সংখ্যা ৩৬ লাখ ৩৯ হাজার ৪৯৭টি নমুনা।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৬৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ। গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১০ জন পুরুষ আর নারী সাত জন। তাদের প্রত্যেকেই হাসপাতালে মারা গেছেন।
