সাঁথিয়ায় পরকিয়ায় বাধা দিতে গিয়ে মা হাজিরা খাতুন (৫০) খুন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আট জন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার বড় পাথাইলহাট গ্রামে।
জানা যায়, বড় পাথাইলহাট গ্রামের মকুলের বিবাহিত মেয়ে নাগরীর সঙ্গে একই গ্রামের নওশাদের ছেলে নেকবার পরকিয়ার সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানা জানি হলে পারিবারিকভাবে নেকবারকে পরকিয়া করতে নিষেধ করা হয়। গত শুক্রবার রাত ৯টায় দিকে নেকবার প্রেমিকার বাড়ি যাবার সময় বাড়ির লোক জন ধাওয়া করে। বিষয়টি নেকবারের পরিবারের সদস্যদের বলতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে প্রেমিকার মা হাজেরা খাতুন (৫০), বাবা মকুল, নাগরী, জহুরুল, মুরাদ, প্রেমিক নেকবার, খালেক, নওশাদ আহত হয়। গুরুতর আহত হাজেরা খাতুনকে ফরিদপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের ফরিদপুর ও বেড়া হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহত হাজরা খাতুনের ছেলে মোকলেছ ১৪ জনের নামসহ ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় বড় পাথাইলহাট গ্রামের শামসুল সরদারের ছেলে খালেক, খালেকের স্ত্রী শ্যামলী, ও প্রেমিক নেকবারকে আটক করেছে।
