অনেক সুষ্ঠু ভোট হয়েছে, দাবি ইসি সচিবের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ২২:৪২

তৃতীয় ধাপে অনেক ভালো একটা নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেছেন, আমাদের কাছে যে প্রতিবেদন আমরা পেয়েছি বিভিন্ন কেন্দ্র থেকে এবং গণমাধ্যম থেকে তাতে অনেক সুষ্ঠু হয়েছে, অনেক ভালো একটা নির্বাচন হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় আগারগাঁয় নির্বাচন ভবনে তৃতীয়ধাপের ভোট শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

দুইটি কেন্দ্রে ভোট বন্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাত্র দুইটি কেন্দ্রে জামালপুরের সরিষাবাড়িতে ব্যালট   পেপার হারিয়ে গেছে। কীভাবে হারিয়েছে সেটি এখন ফাইন্ডআউট হবে, কয়েককটি বই হারিয়ে গেছে, ১০-১২টা বইয়োর পাতা। ব্যালট পেপার হারিয়ে যাওয়ার কারণে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা ওই কেন্দ্রের দায়িত্বে আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করা হয়েছে। আর কুমিল্লার বড়ুয়ায় ব্যালট বাক্স তছনছ করা হয়েছে। সে কারণে সেই কেন্দ্রের ভোটও বন্ধ করা হয়েছে। এছাড়া সব কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

তিন ধাপের পৌর ভোট সম্পন্ন হয়েছে। এই তিন ধাপের তুলনা করতে বললে সাংবাদিকদের তিনি বলেন, আমি বলবো যে কোনোটার চেয়ে কোনোটা মন্দ হয়নি। দ্বিতীয়টায় সিরাজগঞ্জে একটা দুঃখজনক ঘটনা না ঘটলে প্রত্যেকটা প্রায় একই রকম হয়েছে। আজকেরটা তো একেবারে শান্তিপূর্ণভাবে হয়েছে সব জায়গায়।  ব্যালটে কমিশনের সিল না থাকার বিষয়টি নজরে আনলে তিনি বলেন, এই রকম তথ্য আমাদের কাছে নেই।  ব্যালট গুণলেই সেগুলো দেখা যাবে। গণনার সময় যদি দেখা যায় সিল নেই, তাহলে তো সেগুলো বাতিল বলে গণ্য হবে।

টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভায় হাতের কব্জি ও আঙুল কাটার ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এখনো এই ধরণের কোনো তথ্য নেই। কত শতাংশ ভোট পড়তে পারে জানতে চাইলে তিনি বলেন, আমরা আশা করছি যে এই ধাপে ৬০ শতাংশের নিচে হবে না।