স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে পেলেই যেন জ্বলে ওঠে ফুটবল ক্লাব লেভান্তে। আরও একবার স্প্যানিশ চ্যাম্পিয়নদের ভোগাল দলটি।
লা লিগায় ম্যাচের শুরু থেকে ১০ জন নিয়ে খেলা মাদ্রিদের ক্লাবটিকে হারিয়ে দিল লেভান্তে। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার বিকালে ম্যাচটি ২-১ জিতেছে তারা। মার্কো আসেনসিও রিয়ালকে এগিয়ে নেওয়ার পর সমতা আনেন হোসে মোরালেস। এরপরের গোলটি করেন রোজার মার্তি।
ম্যাচের ২৫তম মিনিটে রজার মার্তির দুটি চেষ্টা ঠেকিয়ে দেন রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া। নিজেদের অর্ধে মঁদি হোঁচট খেয়ে পড়ে গেলে বল পেয়ে যান মার্তি। প্রথমবার নেন গড়ানো শট, ঝাঁপিয়ে সেটি ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক। ফিরতি বলে উঁচু করে নেওয়া শটও ব্যর্থ করে দেন তিনি।
৩২তম মিনিটে ম্যাচে সমতা লেভান্তের আনেন মোরালেস। কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন ঠিকানায়।
চার মিনিট পর এগিয়েও যেতে পারত লেভান্তে। খুব কাছ থেকে আবারও মার্তির শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। প্রথমার্ধের বাকি সময়ে রিয়ালকে প্রবল চাপে রাখে লেভান্তে, কিন্তু গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলা শুরু করা রিয়াল এগিয়ে যেতে পারত। ক্রুসের থ্রু বিপজ্জনক জায়গায় পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি বেনজেমা। দুর্বল শট নিয়ে হতাশ করেন দলকে।
তবে, ৬৩তম মিনিটে পেনাল্টি ঠেকিয়ে রিয়ালের ত্রাতা কোর্তোয়া। কোনোমতে হাত দিয়ে ব্যর্থ করে দেন মার্তির শট। খানিক আগে বদলি নামা ভিনিসিউস জুনিয়র কার্লোস ক্লার্ককে ফাউল করলে শুরুতে ফ্রি কিক দেন রেফারি। পরে ভিএআরের সাহায্য নিয়ে দেন পেনাল্টি।
রিয়ালের ওপর চাপ ধরে রেখে ৭৮তম মিনিটে এগিয়ে যায় লেভান্তে। কর্নার থেকে বল পেয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মার্তি।
লা লিগায় সবশেষ ছয় ম্যাচে রিয়ালের বিপক্ষে তৃতীয় জয় পেল লেভান্তে। স্পেনের সফলতম দলটির মাঠে শেষ চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়, ড্র করেছিল একটি ম্যাচে।
আসরে চতুর্থ হারের স্বাদ পেলো রিয়াল। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দলটি রয়েছে দুই নম্বরে। তাদের হারে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ এসে গেল ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা আতলেতিকো মাদ্রিদের সামনে।
ইত্তেফাক/টিআর
