ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়ে আসামি ছিনতাই

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ২২:০৭

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া আসামি কানা আক্তার মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৪টি মামলা রয়েছে। 

দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তার হোসেন ও পুলিশের সোর্স হিসেবে পরিচিত রানাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের একটি দল। পরে আক্তারের সহযোগীরা তাদের উপর ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়ে কানা আক্তারকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী জাহান আহত হয়েছেন। 

আসামি ছিনতাই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সামছুল আলম বলেন, দুইজনকে আটক করার পর তাদের সহযোগীরা হামলা চালিয়ে মাদক ব্যবসায়ী আক্তারকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় মাদক আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে সিদ্ধিরগঞ্জ থানায় দু’টি পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইত্তেফাক/এনএ