দলের বিশ্রামের দিনে সাকিবের অনুশীলন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৩

চট্টগ্রামে গিয়ে টানা কয়েক দিন অনুশীলন হয়েছে। টেস্ট সিরিজের দলটাও ঘোষণা হয়ে গেছে। গতকাল টিম ম্যানেজমেন্ট তাই বাংলাদেশ দলকে বিশ্রাম দিয়েছে। বিশ্রামের দিনেও হেড কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইসদের কর্মমুখর রেখেছেন সাকিব আল হাসান। সতীর্থরা বিশ্রামে থাকলেও গতকাল অনুশীলন করেছেন কুঁচকির চোট কাটিয়ে গত শনিবার অনুশীলনে ফেরা এ বাঁহাতি অলরাউন্ডার।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল নেট বোলার, থ্রো ডাউনের বিরুদ্ধে ব্যাটিং করেছেন সাকিব। পরে প্রায় ৫ ওভার বোলিংও করেছেন তিনি। তার পুরো অনুশীলন সেশন পর্যবেক্ষণ করেছেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।

প্রথম টেস্টের আগে সাকিবের ম্যাচ ফিটনেস পরখ করতেই গতকাল মাঠে গিয়েছিলেন ডমিঙ্গোরা। আজ ফিজিও এ বাঁহাতির ম্যাচ ফিটনেসের চূড়ান্ত রিপোর্ট দিবেন। অবশ্য বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি। ম্যাচ শুরুর আগে নিজেকে ফিট করতে আরো দুটি অনুশীলন সেশন পাবেন সাকিব। গত ২৫ জানুয়ারি কুঁচকির চোটে পড়েন তিনি। পরে কয়েক দিন বিশ্রামের পর স্ক্যানেও খারাপ কিছু ধরা পড়েনি। সাগরিকায় গতকাল এ অলরাউন্ডারের সঙ্গে অনুশীলনে এসেছিলেন তাসকিন আহমেদও। ডানহাতি এ পেসার শুধু রানিংই করেছেন।

ইত্তেফাক/এএএম