করোনার সময় শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে চার দফা দাবিতে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো, ইতোমধ্যে এক বছরের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেয়া; প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্বের জন্য সিলেবাস সংক্ষিপ্ত করে দ্রুত ক্লাস শুরু এবং সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া; সব ধরনের অতিরিক্ত ফি প্রত্যাহার করা ও প্রাইভেট পলিটেকনিকে সেমিস্টার ফি অর্ধেক করা এবং ডুয়েটসহ সব প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বৃদ্ধি করে তা চলতি বছরের মধ্যে কার্যকর করা।
শিক্ষার্থীরা জানান, করোনার মধ্যে শিক্ষার্থী ও তার পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জন্য সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি প্রদান অসম্ভব। শিক্ষার্থীদের অনেকেরই ঝরে পড়ার আশঙ্কা করছেন। এজন্য অতিরিক্ত ফি আদায় ও সেমিস্টার ফি আদায় চরম অমানবিকতার পরিচয়। অবিলম্বে সেমিস্টার ফি ও অতিরিক্ত ফি মওকুফের দাবি জানান তারা।
এর আগে গত রবিবার কারিগরি শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে মানববন্ধন, বিক্ষোভসহ কয়েক দফা কর্মসূচি বাস্তবায়ন করেছেন তারা।
এর আগে একই দাবিতে গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
ইত্তেফাক/এসআই
