কুমিল্লায় আর্জেন্টাইন ব্রাজিলিয়ান ঝলক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৪

মোহামেডান ১ বসুন্ধরা কিংস ৪

 সোহেল সারোয়ার চঞ্চল, কুমিল্লা থেকে

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান-আবাহনীর খেলায় যতটা দর্শক ছিল মাঠে, গতকাল মোহামেডান-বসুন্ধরা কিংসের খেলায় আরো বেশি দর্শক এসেছিলেন। মোহামেডানের সমর্থকরা তো আছেনই সঙ্গে দূর-দূরান্ত হতে বসুন্ধরার সমর্থকরাও গ্যালারি ভরিয়ে তুলেছেন। টিকিট হাতে গায়ে লাল জার্সি জড়িয়ে সমর্থকরা জয় নিয়েই ফিরেছেন। বসুন্ধরা কিংস ৪-১ গোলে মোহামেডানকে হারিয়েছে।

কুমিল্লার এই স্টেডিয়ামটি মোহামেডান এবং বসুন্ধরার ভেন্যু। গতকাল এখানে হোম ম্যাচ হিসেবে খেলেছে বসুন্ধরা। নিজেদের এই ভেন্যুতেই পরিত্যক্ত লিগের গত আসরে ১-০ গোলে বসুন্ধরাকে হারিয়েছিল মোহামেডান। সেই জ্বালা ভুলেনি লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। অপেক্ষায় ছিল আবার কবে খেলা হবে, প্রতিশোধ নিতে হারের আগুন চাপা দিয়ে রেখেছিল। কাল সেই সুযোগ পেয়ে ৪-১ গোলে মোহামেডানকে হারিয়ে সব জ্বালা মিটিয়েছে।

কুমিল্লায় মোহামেডান-আবাহনী ম্যাচ নিয়ে দারুণ উন্মাদনা দেখা গিয়েছিল। কালও সেই উন্মাদনা ছিল গ্যালারিতে। ঢাকা হতে মোহাপাগল নামের সংগঠনের কর্তাটি ইসলাম তারিকের পাঠানো জায়ান্ট সাইজের ব্যানার গ্যালারিতে লাগালেন পাপন এবং ইমরান। ম্যাচটা জিততে পারল না বলে মনটাও খারাপ। মনটা খারাপ ছিল প্রয়াত বাদল রায়ের স্ত্রী মাধুরী রায়, কন্যা গঙ্গোত্রী রায়েরও। তবু মোহামেডান ভালো খেলেছে এটাই তাদের সান্ত্বনা।

বসুন্ধরা-মোহামেডান ম্যাচটা ভালোই লড়াই হচ্ছিল। বোঝা যাচ্ছিল না কি হতে পারে। সময়ের সে াতে ম্যাচটার পার্থক্য গড়ে দিয়েছেন বসুন্ধরা কিংসের আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান ফুটবলাররা। তারা ফুটবলের দেশ হতে এসেছেন। ফুটবল দর্শক যাদের দিকে তাকিয়ে থাকে ম্যারাডোনা-পেলের দেশের ফুটবলাররা কাল কুমিল্লার দর্শকদের চোকে তাক লাগিয়ে দিয়েছেন। মন ভরিয়ে দিয়েছেন।

১০ মিনিটে আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা গোল করেন ১-০। ২২ মিনিটে গোল ফিরিয়ে দেন মোহামেডানের নাইজেরিয়ান আবুউলা নুরাত ১-১। প্রথমার্ধের শেষ মিনিটে বসুন্ধরার ব্রাজিলিয়ান রবিনহো রবসনের গোল ২-১। মোহামেডানের আগের ম্যাচের ভিডিও দেখে কৌশলটা এঁকে রেখেছিলেন কোচ অস্কার ব্রুজন। সেভাবেই খেলল। ৪৯ মিনিটে জনাথন তৃতীয় গোল করেন ৩-১। ৮১ মিনিটে আবার সেই রাউল বেসেরা ৪-১। তারপরও মনে হয়নি মোহামেডান পিছিয়ে। শেষ মিনিট পর্যন্ত লড়াই করেছে সাদা-কালো শিবির।

খেলা শেষ করে বসুন্ধরার অধিনায়ক তপু, বিশ্বনাথ অন্যরা মিলে গ্যালারিতে জার্সি ছুড়লেন। ইয়াসিনরা সেলফি তুললেন। হাসি-আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা। হারলেও মোহামেডান সমর্থকরা হাত তালি দিয়ে ভালো খেলার প্রেরণা দিয়েছে। জাতীয় দলের কোচ জেমি ৪ গোল দেখে বেরিয়ে যাওয়ার সময় বলছিলেন বসুন্ধরার তিন বিদেশির কাছে হেরে গেছে মোহামেডান।