লন্ডনে সালাহ ‘শো’

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৬

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহর জোড়া গোলসহ তিনটি মন্ত্রমুগ্ধকর গোলে রবিবার ওয়েস্টহাম ইউনাইটেডকে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। টটেনহাম হটস্পারের পর এক সপ্তাহের ব্যবধানে লন্ডনের দ্বিতীয় ক্লাব হিসেবে হ্যামারদের ঘরের মাঠে ৩-১ ব্যবধানে পরাজিত করল লিভারপুল। লিগে ছয় ম্যাচ ধরে গোল পাচ্ছিলেন না। নিন্দুকদের সমালোচনা যখন চড়ে বসেছিল, তখনই সালাহ সবাইকে মনে করিয়ে দিলেন লিগে এই মৌসুমে সর্বোচ্চ গোলদাতাকে। সাদিও মানে ও রবার্তো ফিরমিনো একাদশে ছিলেন না এদিন। লন্ডন স্টেডিয়ামে তাই আক্রমণের মূল দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন সালাহ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে বদলি খেলোয়াড় কার্টিস জোন্সের কাছ থেকে বল নিয়ে ওয়েস্ট হামের দুই-তিন জন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বক্সের এক কোণা থেকে দুর্দান্ত এক বাঁকান শটে জাল ভেদ করেন সালাহ। সেই গোলকেও ছাপিয়ে যায় দশ মিনিট পর করা লিভারপুলের এক প্রতি আক্রমণ। শাকিরির ক্রস থেকে ওয়েস্ট হামের বক্সে পাওয়া বল ঠান্ডা মাথায় থামিয়ে আলতো ছোঁয়ায় গোল করেন সালাহ। এরপর, ৮৪ মিনিটে বদলি হিসেবে নামা ফিরমিনো ওয়েস্টহামের দুই তিন জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েন। গোলপোস্টের ঠিক সামনে এসেও তখন নিঃস্বার্থভাবে পাস দেন জর্জিনিয়ো ওয়াইনাল্ডামকে, যার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০তে। ম্যাচের ৮৭ মিনিটে ওয়েস্টহামের হয়ে একটি সান্ত্বনাসূচক গোল করেন ক্রেইগ ডওসন। লিগে দিনের অন্য ম্যাচে ব্রাইটনের কাছে ০-১ গোলে হেরেছে জোসে মরিনহোর টটেনহাম হটস্পার। দিনশেষে টেবিলের তৃতীয় স্থানে বলবত্ আছে লিভারপুল।