ইত্তেফাক রিপোর্ট
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, চলতি অর্থবছরের ৬ মাসে অর্থাত্ জুলাই-ডিসেম্বর সময়কালে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ দশমিক ৮৩ শতাংশ। নির্বাচনের বছর থাকলেও প্রচুর উত্পাদন এবং সরবরাহ ব্যবস্থা ভালো থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ছিল বলে উল্লেখ করেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।
বৈঠক শেষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরের ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ২৭ দশমিক ৪৫ শতাংশ। যা গত অর্থবছরের এই সময়ে ছিল ২৭ দশমিক শূন্য ২ শতাংশ। এক্ষেত্রে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছর তুলনামূলক এডিপির বাস্তবায়ন বেড়েছে বলে তিনি উল্লেখ।
তিনি বলেন, চলতি অর্থবছরে এক লাখ ৮০ হাজার ৮৬৯ কোটি টাকার এডিপি বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করেছে ৪৯ হাজার ৬৪৫ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৪৪ হাজার ৩৩১ কোটি টাকা। নির্বাচনের কারণে প্রকল্প বাস্তবায়ন কিছুটা বাধাগ্রস্ত হলেও এডিপির বাস্তবায়ন কমেনি বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
