টিআরপি নির্ধারণে কারিগরি সহায়তায় প্রস্তুত বিএসসিএল :তথ্যমন্ত্রী

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ২২:২২

বিশেষ প্রতিনিধি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, টিআরপি নির্ধারণ এবং বিদেশি চ্যানেলের ক্লিনফিড পেতে কারিগরি সহায়তায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএল প্রস্তুত রয়েছে। গতকাল বাংলা মোটরে কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, পরিচালক অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলমসহ সংস্থাটির কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে একটি বা দুটি বেসরকারি প্রতিষ্ঠান যারা টিআরপি নির্ধারণ করে তাদের প্রক্রিয়ায় অনেক নমুনা সংগ্রহের কথা বলা হলেও বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি জানিয়েছে যে, তারা মাত্র ১৬৪টি নমুনা সংগ্রহ করে সেখান থেকে টিআরপি দেয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জনসংখ্যার নিরিখে কমপক্ষে ১০ হাজার নমুনা চলমানভাবে নিয়ে কাজ করলেই প্রকৃত চিত্রটা পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, ভারতে ৭০ থেকে ৮০ হাজার নমুনা ‘কন্টিনিউয়াসলি কালেকশন’ করা হয় এবং সেভাবেই টিআরপি দেওয়া হয়। টেলিভিশন সাংবাদিকদের বেতনভাতা নিয়মিতকরণ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আমরা কিছু ব্যবস্থা নেওয়ার কারণে টেলিভিশনগুলো আগের চেয়ে ভালো অবস্থায় আছে, তাই আমি অনুরোধ জানাব সবাই যেন বেতনভাতা সঠিকভাবে পরিশোধ করেন। আর আমরা আশা করছি এটা খুব সহসা গণমাধ্যমকর্মী আইন পার্লামেন্টে নিয়ে যেতে পারব। এটি যখন আইনে রূপান্তর হবে তখন সবার আইনি সুরক্ষা নিশ্চিত হবে।’