"যুক্তিই হোক শক্তি" শ্লোগানকে ধারণ করে প্রথমবারের মতো জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি। সোমবার (১ ফেব্রুয়ারি) তাদের ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ভিডিও বার্তায় বলা হয়, ১৮-২০ ফেব্রুয়ারি অনলাইনের ডিসকর্ড অ্যাপের মাধ্যমে এশিয়ান সংসদীয় পদ্ধতিতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি দল। এতে বিচারক হিসেবে থাকবেন দেশসেরা একদল অভিজ্ঞ ও দক্ষ বিতার্কিকবৃন্দ।
বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি আরও জানায়, এই আয়োজনের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থ ক্যান্সারে আক্রান্ত বশেমুরবিপ্রবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক রাহাত হাসান এর চিকিৎসা বাবদ খরচ হবে।
এ আয়োজন নিয়ে জানতে চাইলে বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটির ইভেন্ট ও টুর্নামেন্ট বিষয়ক সম্পাদক অনিক চৌধুরী তপু বলেন, বিতর্ক মানে মেধার সুস্থ বিকাশ। আর সেই বিকাশে শিক্ষকের ভূমিকা কতটুকু তা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই যে যার জায়গা থেকে এখনই যদি এগিয়ে আসি তবে প্রিয় রাহাত স্যার ইনশাআল্লাহ্ সুস্থ হয়ে আবার ফিরবেন প্রাণের ক্যাম্পাসে।
প্রসঙ্গত, বশেমুরবিপ্রবির সর্বস্তরের শিক্ষার্থীদের মাঝে বিতর্কচর্চা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ২০১৮ সালে গঠিত হয় বশেমুরবিপ্রবি ডিবেটিং সোসাইটি। এরপর থেকে বশেমুরবিপ্রবিতে নিয়মিত বিতর্ক চর্চা, প্রতিযোগিতা ও পাঠচক্র আয়োজনের পাশাপাশি বিভিন্ন সেবাধর্মী কার্যক্রমও পরিচালনা করে আসছে সংগঠনটি।
ইত্তেফাক/এসটিএম
