ফসুইস ব্যাংকে পাচারের অর্থ ফেরতের নির্দেশনা চেয়ে রিট

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৫

সুইস ব্যাংকে বাংলাদেশিদের পাচার করা অর্থ ফেরতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। দেশের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান বিদেশে অর্থ পাচার এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন করছেন কি না, তা নিরীক্ষণ-পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে একটি বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে এতে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। রিটে ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিদেশি যতগুলো ব্যাংকে সম্পদ রাখা আছে, তা জব্দ করার জন্য সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস। অর্থ পাচার এবং সুইস ব্যাংকে টাকা রাখার বিষয়ে বিবাদীদের কাছে কোনো তথ্য আছে কি না, থেকে থাকলে তা প্রকাশ করার জন্য নির্দেশনাও চাওয়া হয়েছে রিট আবেদনে। এতে অর্থসচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেল, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবদের বিবাদী করা হয়েছে।