ডেথ রেফারেন্স ও আপিলের রায় ১৭ ফেব্রুয়ারি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০০:০৮

গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর হাইকোর্টে শুনানি সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ১৭ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ধার্য করেছে আদালত। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায়ের জন্য গতকাল সোমবার এই দিন ধার্য করে দেয়। আদালত বলেছে, ফেব্রুয়ারি হচ্ছে ভাষার মাস। এ কারণে রায়টি বাংলায় দেওয়া হবে।

২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুত্ফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা দেখতে পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ঐ বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরো একটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ দিনই কোটালীপাড়া থানার পুলিশ হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে। দুটি মামলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় ২০১৭ সালে ১০ জনকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২। এক আসামিকে যাবজ্জীবন ও তিন জনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৯ জনকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করে ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে কারাগারে থাকা আসামিরা আপিল করেন। আর মৃত্যুদণ্ড কার্যকরে রায় ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। এরপর আপিল ও ডেথ রেফারেন্সের ওপর হাইকোর্টে দীর্ঘ শুনানি হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, আসামি পক্ষে মোহাম্মদ আহাসান ও পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অমূল্য কুমার সরকার শুনানি করেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল দণ্ডিত আসামিদের সাজা বহালের আবেদন জানান আদালতে।