ইইউতে ভ্যাকসিন সরবরাহ ৩০ শতাংশ বৃদ্ধি করবে অ্যাস্ট্রাজেনেকা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০০:১৬

করোনা ভাইরাস টিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অ্যাস্ট্রাজেনেকার আলোচনায় অগ্রগতির খবর পাওয়া গেছে। ইইউ জানিয়েছে, আগামী মার্চ নাগাদ অ্যাস্ট্রাজেনেকা তাদের গত সপ্তাহে দেওয়া তাদের প্রতিশ্রুতির চেয়ে আরো ৩০ শতাংশ বা ৯০ লাখের বেশি ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।

উত্পাদন বিলম্বের কারণে বেশ কিছুদিন ধরেই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে সরবরাহ পাওয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নে উত্কণ্ঠা ছিল। তবে রবিবার ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েন-এর টুইটে এ উত্কণ্ঠার অবসান ঘটে। টুইটে ভন ডার লিয়েন বলেন, ইউরোপীয় ইউনিয়নে অতিরিক্ত ৯০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাঠাবে অ্যাস্ট্রাজেনেকা। তারা নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ আগেই এসব টিকা পাঠানো শুরু করবে।

এখন পর্যন্ত করোনার তিনটি টিকার অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এগুলো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিন। তবে ইউরোপীয় মেডিসিন এজেন্সির পরিচালক এমার কুক সাংবাদিকদের বলেছেন, “এর কোনোটিই একেবারে ‘নিখুঁত’ বা ভাইরাসের বিরুদ্ধে ‘জাদুর কাঠি’ হিসেবে কাজ করবে এমনটা নয়।” কিন্তু তার পরও এগুলো মহামারি মোকাবিলার হাতিয়ার।