কয়েকদিন পরই আসছে বাঙালির প্রিয় ঋতু বসন্ত। করোনার কারণে আগের মতো বসন্তবরণ উত্সব হয়তো হবে না। তবু ফ্যাশনপ্রিয় ক্রেতারা কেউ কেউ বসন্তে নিজের পছন্দের পোশাক কিনবেন। আর তাই দেশীয় ফ্যাশন হাউজগুলো সময়ের সঙ্গে মিল রেখে তৈরি করেছে নানা রঙের বসন্তের পোশাক; ফাল্গুনের পোশাকের ফ্যাশনে উজ্জ্বল রঙকে প্রাধান্য দিয়েছে। তাদের আয়োজনে রয়েছে বাহারি রঙের শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি-পিস, টি-শার্ট, শার্ট ইত্যাদি। এসব পোশাকে রয়েছে বসন্তের ছোঁয়া। পোশাকের মধ্যে বসন্ত এসে যেন নিজে স্পর্শ করেছে। তারই প্রকাশ এখানকার প্রতিটি পোশাকে। ফাল্গুনকে ঘিরে পোশাকগুলোতে কাজ করা হয়েছে নানা ব্লক, টাইডাই, স্প্রে, ব্লক, চুনরি, স্ক্রিন প্রিন্ট, কারচুপি ইত্যাদি। এখানকার পোশাকগুলো যেন ফাল্গুনের বার্তা নিয়ে আসে। বসন্তের আগমনের বার্তাকে স্বাগত জানাতে ফ্যাশন হাউজগুলো আয়োজন করেছে ফাল্গুনী পোশাকের মেলা। এখানে সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি পোশাকের মাধ্যমে বসন্তকে প্রকাশ করার চেষ্টা করা হয়েছে। তুলে ধরা হয়েছে তরুণ-তরুণীর রুচির কথা। আঁকা হয়েছে তাদের মনের ছবি।
ফ্যাশন হাউজ অঞ্জন’সের শীর্ষ নির্বাহী শাহীন আহম্মেদ বলেন, ‘বাঙালির প্রিয় ঋতু বসন্ত। প্রকৃতিতে পা রাখছে বসন্তের ছোঁয়া। বসন্ত মানেই প্রকৃতির চারদিকে ছড়িয়ে থাকা রঙের ছড়াছড়ি। এ জন্য বসন্ত সবাইকে আলাদাভাবে আকৃষ্ট করে। বসন্তের এই রূপকে বরণ করে নেওয়ার জন্য মুখিয়ে থাকেন তরুণ-তরুণীরা। বসন্তের এই উত্সবমুখর দিনটিকে উদযাপন করার জন্য অঞ্জন’স প্রতিবছর বিশেষ আয়োজন করে থাকে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এবারের বসন্ত আয়োজনে থাকছে ছেলেদের জন্য পাঞ্জাবি, শার্ট, কটি; মেয়েদের জন্য শাড়ি, সালোয়ার কামিজ, লেডিস টপস। এছাড়া থাকছে শিশু-কিশোরদের জন্যও বিশেষ আয়োজন। থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ফ্লোরাল ও জ্যামিতিক মোটিফ। হলুদ, কমলা, বাসন্তী ও সবুজসহ বিভিন্ন উজ্জ্বল রঙ বেশি প্রাধান্য পেয়েছে। ডিজাইনেও বেশ বৈচিত্র থাকছে। কাপড় হিসেবে বেছে নেওয়া হয়েছে কটন, লিনেন কটন, ভয়েল ও স্লাব কটন। মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি ইত্যাদি। এছাড়াও জুয়েলারির নতুন কালেকশন পাওয়া যাচ্ছে এবারের বসন্ত আয়োজনে।’
আর ফাল্গুনের পোশাক কিনতে আপনি যেতে পারেন অঞ্জন’স, কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, আড়ং, নিপুণ, বাংলার মেলা, মায়াসীর, নিত্য উপহার, দেশালসহ বিভিন্ন ফ্যাশন হাউজের আউটলেটে।
পোশাক ও ছবি অঞ্জন’স
