বিদেশিদের ব্যাটেই জিতলো রংপুর

আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

স্পোর্টস রিপোর্টার

রংপুর রাইডার্সের টপ অর্ডারে চার দুনিয়া কাঁপানো বিদেশি—ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স ও রিলি রুশো। এর মধ্যে রুশো শুরু থেকে দারুণ জ্বলছেন। ডি ভিলিয়ার্স দুই ম্যাচেই রান পেয়েছেন। আর গতকাল এদের সাথে প্রথমবারের মতো জ্বলে উঠলেন ক্রিস গেইল ও অ্যালেক্স হেলস।

চার বিদেশির এই উজ্জ্বল দিনে শেষ ওভারের সামান্য উত্তেজনাকে হারিয়ে জয় পেল রংপুর রাইডার্স। খুলনা টাইটান্সকে ৬ উইকেটে হারালো রংপুর। পরাজয়ের বৃত্তে আটকে পড়া রংপুর এই নিয়ে টানা দ্বিতীয় জয় পেল। ফলে ৪ জয়ে এখন তাদের প্লে অফে খেলার সম্ভাবনাটা বেশ টিকে রইলো।

খুলনা টাইটান্স আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮১ রানের বড় স্কোর করেছিল। সেই স্কোরে চলার পথে রংপুরকে এগিয়ে দিয়েছিলেন হেলস, ডি ভিলিয়ার্স ও গেইল। তারপরও শেষ ওভারে ৬ বলে ৬ রান দরকার ছিল রংপুরের। ইয়াসির শাহর করা শেষ ওভারের প্রথম বলেই মোহাম্মদ মিঠুনের উইকেট হারায় তারা। পরের বলে এলো ১ রান। ফলে ৪ বলে দরকার ছিল ৫ রান। এই অবস্থায় টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান রুশো মেরে দেন ছক্কা। আর এখানেই শেষ হয়ে যায় উত্তেজনা।

আগে ব্যাট করতে নামা খুলনাকে প্রথম ওভারেই ধাক্কা দিয়েছিলেন রংপুর অধিনায়ক মাশরাফি। তুলে নিয়েছিলেন আল আমিনের উইকেট। এরপর জুনায়েদ সিদ্দিকী ও ব্রেন্ডন টেলর এগিয়ে নিচ্ছিলেন দলকে। জুনায়েদ ১৩ রান করে ফেরেন। এরপর টেলরের সাথে যোগ দেন নামুল হোসেন শান্ত। টেলর ২০ বলে ৩২ রান করে ফেরায় এই জুটি ভাঙে। শান্ত ৩৫ বলে করেন ৩৮ রান।

খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড ওয়াইস এরপর এসে দুটো ঝড়ো ইনিংস খেলে খুলনাকে বড় সংগ্রহ এনে দেন। রিয়াদ ২০ বলে ২০ রান করেন। আর ওয়াইজ মাত্র ১৫ বলে অপরাজিত ৩৫ রান করেন।

ফরহাদ রেজা ছিলেন রংপুরের সবচেয়ে সফল বোলার। তিনি ৩২ রানে নেন ৪ উইকেট। আর মাশরাফি ছিলেন কৃপণতম বোলার। তিনি ৪ ওভারে ১৭ রান খরচ করে নেন ১ উইকেট।

গতকাল আগ পর্যন্ত রংপুরের দুই মারকুটে ওপেনার গেইল ও হেলস হতাশাই উপহার দিচ্ছিলেন। হেলস আগের ম্যাচেই অবশ্য ৩৩ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। ২৯ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় করলেন ৫৫ রান। হেলস দ্রুত এই ইনিংস খেলে ফেরার পর ডি ভিলিয়ার্স এসে ২৫ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৪১ রান করে ফেরেন। গেইল ছিলেন একেবারেই স্বভাববিরোধী। তিনি ধীরগতিতে এবার বিপিএলে নিজের প্রথম ফিফটি তুলে নেন। শেষ পর্যন্ত জুনাইদের বলে আউট হওয়ার আগে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। ইনিংসে ছিলো ২টি চার ও ৫টি ছক্কা।

আর শেষ ওভারের নাটক জয় করে দলকে হাসির উপলক্ষ এনে দেন আরেকবার রুশো। 

সংক্ষিপ্ত স্কোর

টস                :রংপুর

খুলনা টাইটানস  :২০ ওভারে ১৮১/৬

রংপুর রাইডার্স  :১৯.৩ ওভারে ১৮৩/৪

ফল               :রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী

ম্যাচ সেরা        :ফরহাদ রেজা (রংপুর রাইডার্স)