আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল। ওয়ানডের তুলনায় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলটা অনেক শক্তিশালী। সাদা পোশাকের ক্রিকেটে জমাট লড়াইয়ের আভাসই দিয়েছে সফরকারীরা।
টাইগাররাও টেস্টে ক্যারিবিয়ানদের হালকাভাবে নিচ্ছে না। দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছি।
হোল্ডার-শাই হোপরা নেই, তবে বর্তমান উইন্ডিজ দলের প্রশংসা করেছেন ডমিঙ্গো। তিনি বলেছেন, তারা ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে টেস্ট খেলে এসেছে। সুতরাং তারা গত এক বছরে কিছু টেস্ট ম্যাচ খেলেছে, যা আমাদের হয়নি। ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিলে সেটা আমাদের নিজেদের জন্য বিপদ হতে পারে। তাদের দলে বেশ কিছু দারুণ ক্রিকেটার আছেন।
ব্রেথওয়েট তাদের একজন ধারাবাহিক খেলোয়াড়। শ্যানন গ্যাব্রিয়েল, কেমার রোচ বিশ্বমানের বোলার। আমরা কোনোভাবেই এই টেস্টকে হালকাভাবে নিচ্ছি না। আমর জানি যে কোনো কন্ডিশনে তারা একটি শক্তিশালী দল এবং আমাদেরকে নিজেদের সেরাটাই দিতে হবে ফল নিজেদের পক্ষে আনার জন্য।
ইত্তেফাক/টিআর
