চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের স্পিন আক্রমণের মুখেই পড়তে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের ঘূর্ণি বলয়ের খবর অজানা নয় ক্যারিবিয়ানদেরও। বুধবার ( ৩ ফেব্রুয়ারি) শুরু হতে চলা ম্যাচে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুলদের স্পিনের বিপক্ষে লড়তে প্রস্তুত উইন্ডিজরা।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট বলেছেন, ‘সাগরিকার উইকেটে খুব বাউন্স থাকবে না। বাংলাদেশের স্পিনারদের খেলার জন্য পরিকল্পনা করেছে দলটি। এখন মাঠে তা বাস্তবায়নের আশায় আছেন তিনি।’
বাংলাদেশ সফরে এসে ২০১৮ সালে দুই টেস্টে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রায় একই রকম উইকেট এবারও পেতে যাচ্ছে তারা। সেবার পূর্ণ শক্তির উইন্ডিজরা চট্টগ্রামে হেরেছিল ৬৪ রানে। মঙ্গলবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে ব্রেথওয়েট বলেছেন, ‘এটা (উইকেট) খুব শুষ্ক। আমার মনে হয় না আমরা আগের যখন এসেছিলাম, তার চেয়ে খুব বেশি পার্থক্য হবে। এখানে খুব বেশি বাউন্স সামলাতে হবে না। বাংলাদেশের প্রথাগত উইকেটই মনে হচ্ছে।’
উইকেটের চরিত্র বুঝে নিজেদের একাদশেও স্পিনারদের প্রাধান্য দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য বোলিং আক্রমণে পেসাররাই তাদের শক্তির জায়গা। তাই পেসারদের উপর ভরসা হারাচ্ছে না তারা। উইন্ডিজ অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে স্পিনাররা এ ম্যাচে থাকবে। আমি এখনও মনে করি এখানে পেসারদের কাজের জায়গা আছে। আমরা লো বাউন্সের উইকেটে প্রস্তুতি ম্যাচ খেলেছি। কিন্তু সেখানেও পেসাররা দারুণ করেছে চাপ তৈরি করে।’
বল হাতে সাকিব হতে পারেন ক্যারিবিয়ানদের বড় দুর্ভাবনার কারণ। বাঁহাতি এ স্পিনারকে সামলানোর বিষয়ে ব্রেথওয়েট বলেছেন, ‘আমরা সবাই জানি সে বিশ্বমানের খেলোয়াড়। আমি তার ফুটেজ দেখেছি। ব্যাটসম্যান হিসেবে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এবং তার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। আমাদের শুধু ওখানে গিয়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কোনো সন্দেহ রাখলে হবে না। আমরা সবাই জানি ও বিশ্বমানের বোলার। কিন্তু আমরা এটা আগেও করে এসেছি, রান করেছি যখনই এমন কেউ আমাদের সামনে এসেছে।’
স্পিনে সাকিব-মিরাজের জুটি ভোগাতে পারে সফরকারীদের। তাদের সামলানোর পরিকল্পনা নিয়েই খেলবে উইন্ডিজরা। ব্যাট হাতে ইতিবাচক ও আক্রমণাত্মক থাকার চিন্তা রয়েছে তাদের। ব্রেথওয়েট বলেছেন, ‘আমরা এখানে সর্বশেষ সিরিজটা হেরেছিলাম। সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রেরণা। আমি এদের অনেকের বিরুদ্ধে খেলেছি, আবার অনেকের বিরুদ্ধে খেলিনি। ব্যাটসম্যান হিসেবে আমরা ফুটেজ দেখেছি, আমাদের পরিকল্পনাও প্রস্তুত। স্ট্রাইক রোটেট করার ক্ষেত্রে আমাদের ইতিবাচক থাকতে হবে, আক্রমণাত্মক থাকতে হবে। তারা আসলেই মান সম্পন্ন বোলার। আমার মনে হয় আমাদের দক্ষতা আছে বড় রান করার।’
ইত্তেফাক/এসআই
