সম্ভাবনার আলো ছড়াচ্ছে ‘প্রবর্তন’

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩

>> জেলি খাতুন

 

একজন তরুণের স্বপ্ন তখনই সমাজকে আলোকিত করে যখন তার স্বপ্ন আর প্রত্যাশাগুলো সমাজের মানুষের স্বার্থে করা হয়। নিজের স্বার্থকে ত্যাগ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির খান সায়েমে। তার উদ্যোগে গড়ে তোলা হয়েছে প্রবর্তন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি দেশের  প্রতিবন্ধী, পথশিশুসহ সকল ধরনের সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে। সারাদেশে নিজেদের স্কুলের বাইরে শিশুদের লেখাপড়ার দায়িত্ব নিচ্ছে আংশিক ও পূর্ণভাবে। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি রংপুর তাজহাট জমিদার বাড়িতে আনুষ্ঠানিকতার মাধ্যমে যাত্রা শুরু প্রবর্তন ফাউন্ডেশনের। শিশুদের অধিকার রক্ষায় এ পর্যন্ত তৈরি করেছে তিনটি স্কুল।  প্রথমটি  প্রবর্তন স্কুল, মিরপুর শাখা (মিরপুর-১১) দ্বিতীয়টি  প্রবর্তন স্কুল, রংপুর শাখা (লালবাগ) এবং তৃতীয়টি রলাকাটার চড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (যাত্রাপুর ইউনিয়ন, কুড়িগ্রাম সদর)। যদিও পরিস্থিতি বিবেচনায় বর্তমানে স্কুলগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এছাড়াও প্রবর্তন ফাউন্ডেশন ইতিমধ্যে প্রায় ৫০টির বেশি অপারেশনে পূর্ণ ও আংশিক ফান্ডিং করেছে। এর মধ্যে রংপুরের এতিম শিশু নাদিয়ার ইবনে সিনায় জন্মগত হূদরোগ অপারেশন, কুড়িগ্রাম সোসাইটিসহ একই জেলার ঘোঘাদহ ইউনিয়নের আল আমিনের জন্মগত হূদরোগ অপারেশন, টঙ্গীর মাহফুজার চোখের অপারেশন উল্লেখযোগ্য। এসবের পাশাপাশি বাল্যবিবাহ বন্ধেও কাজ করে যাচ্ছে সংগঠনটি। প্রাকৃতিক দুর্যোগ, ঈদ, জাতীয় দিবসে উপহার বিতরণসহ আরও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় সংগঠনটির পক্ষ থেকে।