যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ব্যাপক তুষারঝড়

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫১

নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি

 বিবিসি

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে ব্যাপক তুষারঝড় শুরু হয়েছে। এতে বহু ফ্লাইট বাতিল হয়েছে, অনেক টিকাদানকেন্দ্র বন্ধ রাখতে হয়েছে এবং নিউ ইয়র্ক শহরের জনজীবন স্থবির হয়ে পড়েছে। স্থানীয় সময় গত সোমবার বিকালের মধ্যে নিউ ইয়র্ক শহরে ৪৩ সেন্টিমিটার, নিউ জার্সি ও পেনসিলভানিয়ায় ৪৮ সেন্টিমিটার তুষারপাত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় নিউ ইয়র্ক শহর ও নিউ জার্সিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গতকাল মঙ্গলবার ঝড়টি দুর্বল হওয়ার আগে সরতে সরতে নিউ ইংল্যান্ড পর্যন্ত যেতে পারে। কিন্তু তার পরও আরো কয়েক দিন ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ প্রচণ্ড তুষারঝড় তৈরি হতে পারে। ঝড়ের কারণে যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। নিউ ইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাজিও এক আদেশ জারি করে সোমবার স্থানীয় সময় ভোর ৬টা থেকে জরুরি নয় এমন ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছেন এবং মঙ্গলবার সরকারি স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

নিউ ইয়র্ক রাজ্যের মেয়র অ্যান্ড্রু কুওমো নিউ ইয়র্ক শহরের পাশাপাশি আরো ৪৪টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি একটি বিপজ্জনক পরিস্থিতি। একটি প্রাণসংহারি পরিস্থিতি। বন্ধ না করলে দ্রুত খুব খারাপ পরিস্থিতি তৈরি হবে।’ নিউ জার্সির গভর্নর ফিলিপ মার্ফি সোমবার তার রাজ্যে বাস ও রেল চলাচল স্থগিত করেছেন। তার জরুরি আদেশের বলে কর্তৃপক্ষগুলো রাস্তা বন্ধ করে দিতে এবং ঘরবাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার অনুমতি পেয়েছে।