শেষদিনে লিভারপুলের চমক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ২২:০৬

শীতকালীন দলবদল

 

 স্পোর্টস ডেস্ক

শীতকালীন দলবদলের শেষদিনে দুই জন নতুন সেন্টারব্যাককে দলে ভিড়িয়ে ভক্তদের চমকে দিয়েছে লিভারপুল ফুটবল ক্লাব। প্রেস্টনের বেন ডেভিস ও শালকার ওজান কাবাককে দিয়ে রক্ষণের ইনজুরি সমস্যা আপাতত সামাল দেওয়ার চেষ্টা করবেন ম্যানেজার য়ুর্গেন ক্লপ। আর উলটো রাস্তা দেখেছেন তাকুমি মিনামিনো। অপেক্ষাকৃত নীরব শেষদিনে সোমবার লিভারপুল থেকে সাময়িক লোনে সাউদাম্পটনে যোগ দিয়েছেন এ জাপানি স্ট্রাইকার।

ডেজান লভ্রনের বিদায়ের পর মাত্র তিন জন সেন্টারব্যাক নিয়ে মৌসুম শুরু করেছিল লিভারপুল। মৌসুমের শুরুতেই বড় ইনজুরিতে ভার্জিল ফন ডাইক ও জো গোমেজ ছিটকে গেলে বিপাকে পড়ে য়ুর্গেন ক্লপের দল। একমাত্র সুস্থ সেন্টারব্যাক জোয়েল মাতিপও গত সপ্তাহে ছিটকে গেলে একরকম নিরুপায় হয়েই দলবদলের বাজারে নামে লিভারপুল। শেষদিনে মাত্র ২ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় বেন ডেভিসকে এবং প্রাথমিক ১.১ মিলিয়ন ইউরোর লোনে দলে ভেড়ায় ওজান কাবাককে। গ্রীষ্মে তাকে পুরোপুরিভাবে কিনে নিতে চাইলে ৩০ মিলিয়ন ইউরোর মতো গুণতে হবে ইংলিশ চ্যাম্পিয়নদের। নতুন দুই ডিফেন্ডারের আগমন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন য়ুর্গেন ক্লপ।

করোনার প্রাদুর্ভাবে দেখা দেওয়া অর্থনৈতিক সংকটের কারণে ইতিহাসের সবচেয়ে নীরবতম দলবদলগুলোর একটি হিসেবে শেষ হলো এবারের শীতকালীন দলবদল। সবচেয়ে দামি দলবদলটি করেছে ওয়েস্টহাম ইউনাইটেড। ২৩.১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে দ্বিতীয় সারির ইংলিশ দল ব্রেটফোর্ড থেকে আলজেরিয়ান উইঙ্গার সাইদ বেনরাহমাকে দলে ভিড়িয়েছে হ্যামাররা। এরচেয়ে দামি দলবদল ঘটেনি একটিও। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়ায় জানুয়ারিতে বেশি অঙ্ক খসাতে রাজি হয়নি কোনো দলই। তবে পূর্ণ দলবদল কম হলেও এই শীতে বেশ কিছু আকর্ষণীয় দলবদল হয়েছে লোনে। রিয়াল মাদ্রিদ থেকে ব্রাত্য হয়ে যাওয়া দুই তারকা, মার্টিন ওডেগার্ড ও লুকা ইয়োভিচ নাম লিখিয়েছে যথাক্রমে আর্সেনাল ও ফ্রাঙ্কফুর্টে। ডিয়েগো কস্তাকে বিদায় করে লিওঁ স্ট্রাইকার মুসা ডেম্বেলেকে প্রাথমিক লোনে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদ। চাইলে গ্রীষ্মে এই ফরাসি স্ট্রাইকারকে পুরোপুরি কিনে নিতে পারবে অ্যাটলেটিকো।

উল্লেখযোগ্য দলবদল

সাইদ বেনরাহমা (ব্রেটফোর্ড থেকে ওয়েস্ট হাম)            ২৩.১০ মিলিয়ন ইউরো

সেবাস্তিয়ান হ্যালে (ওয়েস্ট হাম থেকে আয়াক্স)              ২২.৫ মিলিয়ন ইউরো

আমাদ ডায়ালো (আটালান্টা থেকে ইউনাইটেড)           ২১ মিলিয়ন ইউরো

মার্টিন ওডেগার্ড (রিয়াল থেকে আর্সেনাল)                   লোন

লুকা ইয়োভিচ (রিয়াল থেকে ফ্রাঙ্কফুর্ট)                       লোন

মুসা ডেম্বেলে (লিওঁ থেকে অ্যাট. মাদ্রিদ)                     প্রাথমিক লোন

ওজান কাবাক (শালকা থেকে লিভারপুল)                   প্রাথমিক লোন

তাকুমি মিনামিনো (লিভারপুল থেকে সাউদাম্পটন)       লোন

উইলিয়ান হোসে (সোসিয়েদাদ থেকে উলভস)             লোন

জেসে লিংগার্ড (ইউনাইটেড থেকে ওয়েস্ট হাম)             লোন